সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে সূতাভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে। এ সূতা বৈধ, না অবৈধভাবে ভারতে নেওয়া হচ্ছিলো- তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রোববার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ শহরের স্টেডিয়াম সড়ক থেকে ট্রাকটি আটক করে। ট্রাকে টুইস্টিং মেশিনে তৈরি ১৭৮ বস্তা সূতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক বাসুদেব সিনহা সাংবাদিকদের বলেন, আটক সূতার মালিক পক্ষের দুজন স্থানীয় প্রতিনিধি দাবি করেছেন বৈধভাবে এলসির মাধ্যমে এ সূতা বেনাপোল দিয়ে ভারতে পাঠানো হচ্ছিলো। কাগজপত্র চাইলে তারা শহরের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করা এলসি সংক্রান্ত কিছু কাগজপত্র উপস্থাপন করেন।
পুলিশ পরিদর্শক মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাখিল করা কাগজপত্রের সঙ্গে মালামালের বিবরণে মিল না থাকায় এবং প্রকৃত মালিক উপস্থিত না হওয়ায় আটক সূতা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবারের মধ্যে প্রকৃত কাগজপত্রসহ মালিক উপস্থিত না হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এসব সূতা সিরাজগঞ্জের ব্যবসায়ী লুৎফর রহমান ও গোলাম হোসেনের বলে পুলিশকে জানানো হয়।
লুৎফর রহমান ও গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সূতা তারা শহরের বানিয়াপট্টির বাসিন্দা ও জেমি এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনের কাছে বিক্রি করেছেন। ইসমাইল আবার এ সূতা ঢাকার নয়াপল্টনের তালুকদার এন্টারপ্রাইজের কাছে বিক্রি করেন। তালুকদার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে এ সূতা ভারতের কুচবিহারের প্রিয়া ট্রেডিংয়ের কাছে সরবরাহ করতে এলসি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৩০ ঘ.
bdnews24