ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
রোববার দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মরদেহ আসে। ওই সময় বিমানবন্দরে ছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
বিমানবন্দরে রাজ্জাকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও আব্দুল জলিল।
বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে রাব্বী প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও ছিলেন বিমানবন্দরে।
দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
বিমানে রাজ্জাকের কফিন নিয়ে এসেছেন স্ত্রী ফরিদা রাজ্জাক, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা।
বিমানবন্দর থেকে রাজ্জাকের মরদেহ নেওয়া হয় তার গুলশানের বাড়িতে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
রাজ্জাকের মরদেহ এরপর সংসদ ভবনে নেওয়া হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা হবে জাতীয় ঈদগাঁ ময়দানে। এরপর রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর মরদেহ হিমঘরে রাখা হবে।
সোমবার রাজ্জাকের কফিন নেওয়া হবে শরীয়তপুরের ডামুড্ডায়, তার গ্রামের বাড়িতে। ওই এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে কখনো হারেননি এই আওয়ামী লীগ নেতা। এরপর ঢাকায় ফিরিয়ে এনে বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০৪ ঘ.
bdnews24