২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দরপত্র ছিনতাই: অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ

বগুড়ায় খাদ্য বিভাগে ঠিকাদার নিয়োগের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সমর্থকদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

বগুড়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় খাদ্য বিভাগে ঠিকাদার নিয়োগের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সমর্থকদের বিরুদ্ধে। সোমবার জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান শেখ এন্টারপ্রাইজের মালিক সাবেক ছাত্রলীগ নেতা এজাজুল হক ডনেল। এই ঠিকাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে সিডিউল জমা দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের সমর্থকরা তার দরপত্র ছিনিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, খাদ্য কর্মকর্তা ও পুলিশের সামনেই তাকে মারধর করে সিডিউল ছিনতাই করে। এ সময় তাকে টেনে হিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে টেন্ডারবাজদের ধস্তাধস্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান হাতে আঘাত পান বলেও তিনি জানান। আঘাত পাওয়ার বিষয়টি স্বীকার করে এসআই মিজান জানান, তার সঙ্গে সাতজন পুলিশ সদস্য থাকলেও বাইরে থেকে আসা লোকজনের সংখ্যা ছিল অনেক বেশি। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে তিনি জানান। এ ব্যপারে জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল কাদির বলেন, সিডিউল ছিনতাই হয়েছে কিনা তার জানা নেই। এ ধরনের কোনো অভিযোগ তার কাছে আসেনি। দরপত্র বিক্রি ও দাখিলের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, বগুড়া খাদ্য বিভাগের আওতাধীন ২২টি গুদাম (এলএসডি) ও একটি সিএসডি গুদামে অভ্যন্তরীণ খাদ্য পরিবহন ও খাদ্যশস্য ওঠানামার (হ্যান্ডলিং) কাজে শ্রমিক সরবরাহ ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। এই দরপত্রের মাধ্যমে অভ্যন্তরীণ খাদ্য পরিবহন ও হ্যান্ডেলিংয়ে দু’বছরের জন্য প্রায় ৫০ জন ঠিকাদার নির্বাচন করার কথা। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, রোববার সিডিউল বিক্রির শেষ দিনে অনেককেই কিনতে বাধার সৃষ্টি করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। তারা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ভাড়া করা লোকদের দিয়ে ঘিরে রাখে, যাতে কেউ সিডিউল কিনতে না পারে। এ ব্যাপারে সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুর রহমান দুলু বলেন, এর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের কেউ জড়িত নেই। ব্যবসায়িক কারণে সেখানে কেউ গিয়েছিল কিনা সেটি তার জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.