ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি পিছিয়েছে।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ শীতকালীন ছুটি শেষ হওয়ার দুই সপ্তাহ পর পর্যন্ত শুনানি মুলতবি করে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট মাহবুবে আলম অন্য মামলায় ব্যস্ততা ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন জানিয়ে আবেদন করেন।
রিট আবেদনকারীদের আইনজীবী শোয়েব উদ্দিন খান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ সময় চেয়েছে। তাদের আবেদনে আদালত শুনানি পিছিয়েছে।
তিনি জানান, ৩ জানুয়ারি শীতকালীন ছুটি শেষে আদালত খুলবে। এর দুই সপ্তাহ পর শুনানি হবে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ সংশোধনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে উত্তর ও দক্ষিণে দুটি কর্পোরেশন করার পর সরকার ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণে দুই জন প্রশাসক নিয়োগ দেয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান। আর উত্তরের দায়িত্ব দেওয়া হয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরীকে।
অনির্বাচিত প্রতিনিধিদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে দুই আইনজীবী, একজন আইন শিক্ষক ও একজন শিক্ষানবিশ আইনজীবী গত রোববার এই রিট আবেদনটি করেন। বৃহস্পতিবার এর ওপর শুনানির দিন ধার্য ছিলো।
রিট আবেদনকারীদের আইনজীবী শোয়েব খান বলেন, “আইন সংশোধন করে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত ব্যক্তিকে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটা সংবিধানের প্রস্তাবনা ৭, ৯, ১১ ৫৯, ৬০ অনুচ্ছেদের পরিপন্থী। এ কারণেই এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।”
ডিসিসি ভাগের প্রতিবাদে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাও হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। তার আবেদনে ডিসিসি দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬৩৪ ঘ.
bdnews24