ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের নিচতলার একটি কক্ষে রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল ভবনের বাইরে নিচতলার একটি কক্ষে আগুন লাগে। আগুনে কিছু কাগজপত্র এবং ব্যবহার অযোগ্য কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
কক্ষটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হতো জানিয়ে মহাপরিচালক বলেন, আগুন কিভাবে লাগলো সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
তিনি জানান, আগুন লাগার পরপরই আশপাশে যারা ছিলেন তারা ৮-১০ মিনিটের মধ্যে তা নিভিয়ে ফেলে।
এ ব্যাপারে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে তারা এই আগুনের কোন খবর পায়নি বলে জানায়।
পাসপোর্ট অফিসের পাশেই শেরেবাংলা নগর থানা। থানার ওসি জাকির হোসেন জানান, আগুনের কোন খবর তারাও পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/আরএ/১৭০০ ঘ.
bdnews24