ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ছাত্র শামীম হাসানকে হত্যার ঘটনায় তার সহপাঠী জুলকারনাইন মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনি বলেছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি জোগাড় করতেই শামীমকে খুন করে সে।
রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে বুধবার সকালে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বিকেলে লালমাটিয়া ও মনিপুরি পাড়া থেকে মনি ও খান মো. শিশির নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার হাসান ইমাম।
শামীম ও মনি দুজনেই ইউডার ফার্মাসি বিভাগের ছাত্র। মনি বয়সে শামীমের চেয়ে এক বছরের বড় হলেও দুজনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। আদাবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা একটি ছাত্রাবাসে একই কক্ষে থাকতেন তারা।
পুলিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে মনিকে শেরেবাংলা থানায় সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় মনি দাবি করেন, ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য ফি হিসাবে তার ৫০ হাজার টাকা প্রয়োজন ছিল। এ জন্য শামীমের ল্যাপটপ ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
মনি সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যার পর তারা দুজনে শুক্রাবাদের একটি রেস্তোরাঁয় বসে মদ পান করেন। পরে রিকশায় করে চন্দ্রিমা উদ্যানে যান। সেখানেই শামীমকে টাকার কথা বলেন মনি। কিন্তু শামীম জানান, তার কাছে টাকা নেই। মনি ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রি করে তাকে টাকা দিতে বললে দুজনের কথা কাটাকাটি শুরু হয়।
“এ অবস্থায় আমার পকেটে থাকা ছুরি বের করে ওর গলার কাছে ধরি। সে গলা সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছুরি গলার ভেতর ঢুকে যায়। বের করার জন্য টান মারলে গলা কেটে রক্ত বের হতে থাকে।”
মনির দাবি, শামীম মাটিতে পড়ে গিয়ে গোঙাতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে গলায় আরেক দফা ‘পোচ’ দিয়ে শামীমকে ফেলে রেখে পালিয়ে যান তিনি।
পুলিশের উপ কমিশনার হাসান ইমাম বলেন, “আমরা পরিবারের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, মনি সেমিস্টার ফাইনালের জন্য আগেই বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়েছে। হয়তো সেই টাকা অন্য কোথাও খরচ করেছে সে।”
তিনি জানান, হত্যার পর মনি রাতে তার এক পরিচিত ব্যক্তির বাসায় আশ্রয় নেয়। সকালে সেখান থেকে ছাত্রাবাসে ফিরে রক্তমাখা কাপড় ধুয়ে অন্য কাপড় পড়ে বেরিয়ে যায়।
মনি জানান, তার বাবা-মা দুজনেই হবিগঞ্জের একটি স্কুলের সহকারী শিক্ষক। প্রতি সেমিস্টারের মতো এবারো তারা টাকা পাঠিয়েছিলেন। কিন্তু সেই টাকা খরচ করে ফেলেন মনি।
শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন জানান, শামীমের মোবাইল ফোনটি শিশির নামে এক যুবকের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন মনি। পরে শিশিরকে মনিপুরি পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে মোবাইল ফোরটি উদ্ধার করা হয়।
তবে শিশির থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, গ্রামের বাড়ির সূত্র ধরে মনির সঙ্গে তার পরিচয়। বুধবার সকালে মনি তার বাসায় এসে মোবাইল ফোনটি রাখতে বলে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এসইউ/জেকে/১৩৫৭ ঘ.
bdnews24