২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও ভাইকে হারিয়ে ফিরলো ছোট্ট বৈশাখী

ভারতে এক ট্রেন দুর্ঘটনায় মা ও ভাই নিহত হলেও দেশে ফিরেছে ছোট্ট বৈশাখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

বেনাপোল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে এক ট্রেন দুর্ঘটনায় মা ও ভাই নিহত হলেও দেশে ফিরেছে ছোট্ট বৈশাখী। বেনাপোলে ছয় বছরের এই মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শনিবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্যদের কাছে বৈশাখীকে হস্তান্তর করে। গত ৫ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশের পিথাপুরাম শহরে এক ট্রেন দুর্ঘটনায় বৈশাখী মা ঝানু বেগম ও ভাই জাভেদকে হারায়। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। বরিশাল গৌরনদী উপজেলার চন্দ্রহাট বঙ্গকুড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে বৈশাখী (৬)। ভারতের একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, গত ৫ অক্টোবর পিথাপুরামে একটি ট্রেন থেকে বৈশাখী, তার মা ঝানু বেগম ও ভাই জাভেদ পড়ে যায়। মা ও ভাই মারা গেলেও গুরুতর আহত হয় বৈশাখী। তাকে কানিকান্দা জেনারেল হাসপাতালে ভর্তি করে ভারতীয় রেলওয়ে পুলিশ। সেখানে দু’বার অস্ত্রোপচার হয়। সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম’র কাছে হস্তান্তর করে। বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্প কমান্ডার জয়নাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুর্গা পূজার সময় এই ট্রেন দুর্ঘটনা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বৈশাখীর ঠাই হয় ভারতের হাই কমিশনে।” তিনি আরো জানান, দু’দেশের মধ্যে চিঠি চালাচালির পর শনিবার বিকালে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩০৯ ঘ.