২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরার কারাগারে ১২ বাংলাদেশি

অবৈধভাবে সীমানা পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের অভিযোগে ১২ জন বাংলাদেশি এবং মিয়ানমারের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

আগরতলা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সীমানা পেরিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় যাওয়ার অভিযোগে ১২ জন বাংলাদেশি এবং মিয়ানমারের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশের ভ্রাম্যমাণ টাস্কফোর্স (এমটিএফ)। ত্রিপুরা পুলিশের উপ মহা পরিদর্শক নেপাল দাস জানান, স্থানীয় আদালত শুক্রবার তাদের ১৪ দিনের জন্য কারাগারে পাঠিয়েছে। তিনি বলেন, “১২ বাংলাদেশি কুমিল্লার সোনামুড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকে কাজের খোঁজে আসামে যাওয়ার চেষ্টা করছিলেন। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদেরসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করে এমটিএফ সদস্যরা।” গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাসহ প্রায় ২০ হাজার রুপি মূল্যমানের অর্থ উদ্ধার করা হয় বলে জানান নেপাল দাস। তিনি বলেন, কারাগার থেকে ছাড়া পেলে তাদের আবার নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে গত কয়েক মাসে ত্রিপুরায় ৫০ জনেরও বেশি মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হয়েছেন। এদের অনেকেই ত্রিপুরা হয়ে কাজের খোঁজে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে মিয়ারমারের নাগরিকদের কেউ কেউ বলেছেন, সেনা নিয়ন্ত্রিত সরকারের নির্যাতন থেকে বাঁচতেই তারা দেশ ছেড়েছেন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন ভারতের মিজোরাম রাজ্যে মিয়ানমারের প্রায় ৫০ হাজার নাগরিকের বসবাস। ভারত সরকারের অনুমতি নিয়ে বৈধভাবে বিভিন্ন দোকান ও কারখানায় কাজ করছেন তারা। বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসাম রাজ্যের ১ হাজার ৮৮০ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল রাজ্যের ১ হাজার ৬৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যেখানে এখনো কাঁটাতারের বেড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩১১ ঘ.