ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিতে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে রির্জাভ ট্যাংকে এক ব্যাক্তির লাশ পেয়েছেন রাজধানীর পান্থপথে একটি বাড়ির বাসিন্দারা।
লাশটি ফুলে যাওয়ায় প্রায় চারঘণ্টা চেষ্টার পর ট্যাংকের সিমেন্টের ঢালাই মুখ কেটে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সেটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম পান্থপথের ৫৭/১৪ নম্বর হোল্ডিংয়ে চারতলা ওই বাড়ির মালিক মো. শাহজালাল মারা গেছেন কয়েক বছর আগে। তার সন্তান এবং কয়েকজন ভাড়াটিয়া এখন সেখানে বসবাস করছেন।
শাহজালালের পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ির এক লোক প্রায়ই এসে কাজ চাইতো। কিছুদিন আগে হঠাৎ সে নিখোঁজ হয়।
ওসি জাকির বলেন, “বিকৃত হয়ে যাওয়ায় লাশ চেনা যাচ্ছে না। ফলে তার পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১০১৭ ঘ.
bdnews24