চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরির পর চার হাত ঘুরে দেড় লাখ টাকার মোটরসাইকেল বিক্রি হলো ৭৮ হাজার টাকায়।
শনিবার দুপুরে নগরীর হালিশহর থানা পুলিশের হাতে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ছয় ব্যক্তি সাংবাদিকদের এ তথ্য জানান।
চট্টগ্রাম মহানগর থেকে চুরি হওয়া মোটরসাইকেল জেলার বোয়ালখালী, লোহাগাড়া উপজেলা এবং কক্সবাজার হয়ে পাশের দেশ মিয়ানমারেও পাচার হয় বলেও তারা জানান।
দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল হাসানের মোটরসাইকেল চুরির ঘটনায় এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি চোরাই মোটরসাইকেলও।
এরা হলেন অসীম চক্রবর্তী (৪২), মো. রুবেল (২৭), সাদ্দাম হোসেন (২০), মেহেদী হাসান রাসেল (২৩), মুরাদ খান বাবর (২৫) ও মো. আইয়ুব (২৭)।
হালিশহর থানা পুলিশ গত তিনদিনে নগরীর পাহাড়তলী থানা, জেলার বোয়ালখালী ও লোহাগাড়া উপজেলা এবং কক্সবাজার সদর থেকে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে।
হালিশহর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজার সদর থেকে সাংবাদিক তুষারের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কোরবানির ঈদের দিন রাতে হালিশহর এলাকায় তুষারের বাড়ির নিচ থেকে বাজাজ ১৩৫ সিসি'র মোটরসাইকেলটি চুরি হয়।
এই ঘটনায় তুষার বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা করেন।
ওসি জাহিদ বলেন, মুরাদ খান মোটরসাইকেলটি চুরি করে বোয়ালখালীর অসীম চক্রবর্তীর কাছে ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। অসীম এটি রুবেলের কাছে ৫৮ হাজার টাকায় বিক্রি করেন।
কর্মকর্তা আরো বলেন, রুবেল ৬৫ হাজার টাকায় বিক্রি করেন লোহাগাড়ার মেহেদী হাসান ও তার দুলাভাই আলমগীরের কাছে।
তাদের কাছ থেকে কক্সবাজারের এক ব্যক্তি ৭৮ হাজার টাকায় কেনেন।
এরপর এটি কক্সবাজারের টেকনাফ সীমান্ত হয়ে মিয়ানামারে পাচার হওয়ার কথা ছিল, বলেন ওসি জাহেদ।
গ্রেপ্তার অসীম সাংবাদিকদের জানান, তিনি মূলত শহর থেকে চোরাই মোটরসাইকেল কিনে কয়েক হাজার টাকা লাভে বিক্রি করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24