ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের আনুষ্ঠানিক সফর শেষে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে করে রওনা হন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান।
নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ২০১০ সালে বিশ্বব্যাপী শুরু জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া 'এভরি উইমেন এভরি চাইল্ড' কর্মসূচির অগ্রগতি দেখতে গত রোববার ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব।
এটি ছিলো বাংলাদেশে তার দ্বিতীয় সফর।
থাইল্যান্ড সফরে দেশটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন বান কি মুন। এরপর বালিতে জাতিসংঘ ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) চতুর্থ সম্মেলনে অংশ নেবেন তিনি। ২০ নভেম্বর তার নিউ ইয়র্ক ফেরার কথা রয়েছে।
বাংলাদেশে তিন দিনের সফরে বান কি মুন মৌলভীবাজারের একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ছাড়াও সরকার ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প এবং আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর'বি) পরিদর্শন করেন। এ ছাড়া ঢাকায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাতেও অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে বসেন।
মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১০৪৪ ঘ.
bdnews24