২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে যা দেখেননি, তাই হবে: যোগাযোগমন্ত্রী

জনগণকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত 'অপেক্ষা' করার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তখন এমন কিছু দেখা যাবে- যা আগে কখনো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত 'অপেক্ষা' করার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তখন এমন কিছু দেখা যাবে- যা আগে কখনো হয়নি। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের বিশেষ রেল সার্ভিসসহ কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রীর কছে সাংবাদিকরা জানতে চান- বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যাচ্ছে না কেন। জবাবে মন্ত্রী বলেন, "অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ যা দেখেনি, সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আপনারা তা দেখবেন।" নরসিংদীতে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ায় এর নেতিবাচক প্রভাব ঈদে ঘরমুখো যাত্রীদের ওপরও পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন আবুল হোসেন। তিনি বলেন, "নরসিংদির ঘটনা অনাকাঙ্খিত। আগুন ধরিয়ে দেওয়ার কারণে ট্রেনের ক্ষতি হয়েছে। এর ফলে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবে।" যদিও বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশনে রেলের বিশেষ সার্ভিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'দু-একদিনের মধ্যে' পরিস্থিতি স্বভাবিক হয়ে আসবে। ঈদে ঘরমুখো যাত্রীদের সমস্যা হবে না। নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনকে হত্যার প্রতিবাদে বুধবার সকালে এগারোসিন্ধুর এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে ট্রেনের ৯টি বগি পুড়ে যায়। ট্রেনে অগ্নিসংযোগ এবং অবরোধের কারণে বুধবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ এক প্রকার অচল হয়ে পড়ে। রাতে ট্রেন চলাচল আবার শুরু হলেও এর রেশ থাকে বৃহস্পতিবারও। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রী বৃহস্পতিবার জানান, এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো মেরামতে ২ কোটি টাকার মতো খরচ হবে। শুক্রবার তিনি বলেন, "সেদিন যদি র‌্যাব, পুলিশ না থাকতো তাহলে আরো বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। নরসিংদীর ঘটনায় রেলের যে ক্ষতি হয়েছে, ঈদের পর তা মেরামত করা হবে।" সড়ক ব্যাবস্থার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের নাজুক পরিস্থিতির জন্যও বিগত চার দলীয় জোট সরকারকে দায়ী করেন মন্ত্রী। "রেলের প্রতি মানুষের ঝোঁক বেশি। বিগত সরকারের অবহেলার কারণে রেল পবিহনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আশা করি, এ সরকারের মেয়াদের মধ্যেই তা সমাধান হবে।" বর্তমান সরকার 'সাধ্যমতো' চেষ্টা করছে উল্লেখ করে আবুল হোসেন বলেন, "রেলের অবস্থা গতবারের তুলনায় যথেষ্ট 'ইমপ্র"ভ' করেছে। সৈয়দপুর লোকোশেডে ইতোমধ্যে ৬৪টি পুরোনো বগি মেরামত করা হচ্ছে।" এই মেরামত কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলেও অপেক্ষায় থাকার পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, "অপেক্ষা করেন, যথাসময়ে কাজ শেষ হবে।" কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের আগে কমলাপুর বাসডিপোও ঘুরে দেখেন যোগাযোগমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৩৪৮ ঘ.