লালমনিরহাট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট শহরের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার বিকালে এই এক্সচেঞ্জের সুইচরুম, ব্যাটারি রুম, টেলিটক একচেঞ্জের সাব-স্টেশন রুমসহ বেশ কয়েকটি কক্ষে আগুন ধরে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় শহরের বিডিআর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। টেলিফোন কলোনিসহ আশপাশের বাসা বাড়িতে আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে এক্সচেঞ্জের দ্বিতীয় তলায় টেলিটক সাব স্টেশন রুমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট টেলিফোন এক্সচেঞ্জের উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান জানান, আগুনে এক্সচেঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে তার পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি জানান।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশও অংশ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24