২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাস স্ট্যাগারিং: সোমবার মানববন্ধন করবে মিল মালিকরা

চট্টগ্রামের রি-রোলিং মিলগুলোতে গাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রতিটি প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করবে মিল মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রি-রোলিং মিলগুলোতে গাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রতিটি প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করবে মিল মালিকরা। রোববার বিকালে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা আসে। রি-রোলিং মিলে গ্যাস স্ট্যাগারিংয়ের মাধ্যমে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামের রি-রোলিং কারখানার মালিকরা চেম্বার নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন। সভায় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানাসমূহে গ্যাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কেজিডিসিএল। পরে এ শিল্পের মালিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে স্ট্যাগারিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। চট্টগ্রামের রি-রোলিং মিলে গ্যাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রামের জন্য বৈষম্যমূলক বলে মন্তব্য করেন মাহবুবুল আলম। তিনি জানান, রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাজমুল ইসলামকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। সভায় চট্টগ্রাম রি-রোলিং মিল্স ওনার্স এসোসিয়েশন'র সভাপতি জাফর আলম বলেন, ঢাকা-টাঙ্গাইলসহ সংশ্লি¬ষ্ট এলাকায় গ্যাসের যোগান বাড়ানোর জন্য নতুন একটি পাইপ লাইন চালু হওয়ার কারণে চট্টগ্রামে গ্যাস সংকট শুরু হয়েছে। সভায় উপস্থিত মিল মালিকরা জানান, বিগত ১০ বছরে চট্টগ্রামে কেবল গ্যাস সংযোগের অভাবে ৩৮ টি রি-রোলিং মিল বন্ধ হয়ে গেছে । তারা স্ট্যাগারিং করতে হলে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য এলাকায়ও সমভাবে স্ট্যাগারিংয়ের প্রস্তাব দেন। চিটাগাং চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, রি-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাফরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২০২৭ ঘ.