২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবাসায়ীদের আধাবেলা হরতাল

মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ যাদু হত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর রংপুরে হরতাল পালন করছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 04:06 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

রংপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ যাদু হত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর রংপুরে হরতাল পালন করছেন ব্যবসায়ীরা। জেলা দোকান মালিক সমিতি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধা বেলার এই হরতাল ডাকে। এদিকে হরতালের কারণে বৃহস্পতিবার রংপুর থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আন্তঃজেলা-উপজলা বাস চলাচলও রয়েছে বন্ধ। তবে রিকশা চলাচল করছে। শহরের কাাঁচা বাজার, মাছ মাংসের দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ, ওষুধের দোকারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, হরতাল সমর্থক ব্যবসায়ীরা শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত ১৬ অক্টোবর রাতে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ যাদু খুন হন। এ ঘটনায় খুনিদের ইন্ধনদাতাসহ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রংপুরের সব স্তরের ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৯৫৫ ঘ.