২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পানি ব্যবস্থাপনায় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা'

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় হিমালয় অববাহিকার দেশগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় হিমালয় অববাহিকার দেশগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানি ও মাটির লবণাক্ততা বেড়ে গেছে। বেড়েছে স্থায়ী ও অস্থায়ী জলাবদ্ধতা এবং বন্যার প্রকোপ। এই পরিবর্তিত পরিস্থিতিতে হিমালয় অববাহিকার দেশগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেবে।" বাংলাদেশে পানি ইস্যু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ইস্যুর চেয়ে বেশি স্পর্শকাতর বলেও মন্তব্য করেন তিনি। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম), সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ডেল্টা অ্যালায়েন্স বাংলাদেশ উইংয়ে সদস্য প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এই কর্মশালার মধ্য দিয়ে পানি এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কর্মরত ডেল্টা জোট বাংলাদেশে আত্মপ্রকাশ করলো। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক এবং ডেল্টা অ্যালায়েন্স বাংলাদেশ উইংয়ের সমন্বয়কারী ড. এম মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার খানম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএম/এএল/১৮১৯ ঘ.