২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ৩ সাংবাদিক-প্রকাশকের শুনানি ২৭ নভেম্বর

আদালত অবমাননার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না- আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার কারণ ব্যাখ্যা করবেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না- আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার কারণ ব্যাখ্যা করবেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির। একই দিন ওই পত্রিকার প্রকাশক শহিদুল্লাহ খান বাদল এবং স্পেশাল রিপোর্টস এডিটর ডেভিড বার্গম্যানের শুনানিও হবে। আদালতের প্রশ্নের লিখিত জবাব দেওয়ার পর বিবাদিদের এক আবেদনে রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ঠিক করেন। জবাব দেওয়ার পর বিবাদিদের আইনজীবী এই রুলের শুনানির জন্য দিন নির্ধারণে আদালতের কাছে আবেদন করেন। নিউ এইজে বার্গম্যানের লেখা একটি নিবন্ধ নিয়ে গত ৩ অক্টোবর তিন জনের বিরুদ্ধেই আদালত অবমাননার রুল জারি করা হয়। আদালতে বিবাদিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ট্রাইব্যুনালে দেওয়া বিবাদিদের লিখিত জবাবের বিষয়বস্তু বাইরে যেন প্রকাশিত না হয়, সে দিকে দৃষ্টি রাখতে ট্রাইবুনালের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে যুদ্ধাপরাধে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে চিকিৎসা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক আলতাফ হোসেনের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি হবে আগামী ২৬ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০৭ ঘ.