চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ার এস এম হাদির ছেলে। একটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি নুরুলকে গত ২ জুন কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।"
"সোমবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।"
তিনি জানান, বেলা আড়াইটার দিকে নুরুল ইসলাম হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন ও অক্সিজেন দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ইসিজি শেষে ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল পঙ্কজ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ৩টার দিকে ওই হাজতিকে হাসপাতালে নেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/২১০৮ ঘ.
bdnews24