২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম অবৈধ নয় কেন'

ইলেক্ট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম প্রচার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেক্ট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম প্রচার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। তথ্য সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিটিভির মহাপরিচালক এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি, বাংলাভিশন, চ্যানেল আই ও বৈশাখী টিভির প্রধান নির্বাহীকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক এম এ মতিনের জনস্বার্থে দায়ের করা এক রিটে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. নুরুজ্জামানের বেঞ্চ সোমবার এ রুল জারি করে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ ও ব্যারিস্টার আহমেদ সোহেল। মাসুদ আহমেদ সাঈদ সাংবাদিকদের বলেন, "সরকারি প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিদিনের সংবাদের আগে বিজ্ঞাপনদাতার নামে শিরোনাম প্রচার করা হয়।" "যে কোম্পানির নামে সংবাদ শিরোনাম প্রচারিত হয় সে কোম্পানি কোনো অপরাধ করলে বা ওই কোম্পানিতে কোনো দুর্ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট মিডিয়ায় প্রচারিত না হওয়ার আশঙ্কা রয়েছে," বলে আশঙ্কা প্রকাশ করেন মাসুদ। দেশে বর্তমানে অন্তত ১৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল স¤প্রচারে রয়েছে। এর মধ্যে শুধু চারটি চ্যানেলের কথা উল্লেখ করা হয় রিট আবেদনে। অন্য চ্যানেলগুলির নাম না আসার কারণ হিসেবে রিট আবেদনকারীর আইনজীবী বলেন, "রিট দায়েরের আগে সব টিভির সংবাদ মনিটরিং করতে না পারার কারণে আবেদনে সবগুলোর নাম উল্লেখ করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৫১ ঘ.