২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়কে স্বাবলম্বী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকার শিক্ষা সহায়তা তহবিলের কথা উল্লেখ করে বলেছেন, শিক্ষাখাতে কেউ অনুদান দিলে তা করের আওতামুক্ত হবে। শিক্ষাখাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য তাকে ধন্যবাদ জানান প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি উচ্চ শিক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তারা। শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শিক্ষকদের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ এনামুল কবির। এসময় মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান, শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালযের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৯১৭ ঘ.