সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের নাম রশিদ আহমদ। তিনি হাসাপাতালের মেডিকেল ইউনিটের ক্লিনিক্যাল অ্যাসিস্টেন্ট (সিএ)।
বৃহস্পতিবার দুপুর হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয়ের লোকজন রশিদকে তুলে নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেছে। থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আফজাল জানান, হাসপাতালের সিসি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের দুজন লোক ডা. রশিদকে নিয়ে যায়।
প্রশাসনের সহযোগিতা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24