ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনও সংশোধন করবে সরকার। এর ফলে এ বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটবে।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জগন্নাথ, কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুব শিগগিরই তা সংশোধন করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ২৭ (৪) ধারা সংশোধনের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় সরকার যেভাবে অর্থ দেয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সেভাবে অর্থ পাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে।
শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর অংশ হিসেবে স¤প্রতি সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হলে গত ২৫ সেপ্টেম্বর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা দেখা করলে তিনি এসব ধারা বাতিলের নির্দেশ দেন।
"আইন সংশোধনের মাধ্যমে এসব ধারা বাতিল করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই আইনটি সংশোধন হবে", বলেন সচিব।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ২০০৬ সালে জেলা সদরের কোটবাড়িতে। ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০০৫ সালে।
জগন্নাথের মতো কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয়েও অভ্যন্তরীণ আয়ে চলার কথা রয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষা সচিব কামাল চৌধুরী বলেন, "দেশে বর্তমানে ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে শুধু জগন্নাথ, কুমিল্লা এবং ত্রিশালের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ধারা সংযোজন করা হয়েছে।"
কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৩) ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠার ১০ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদের বহন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/আরএ/১৬৫৮ ঘ.
bdnews24