চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহরের নির্মাণাধীন একটি ভবনের চৌবাচ্চা থেকে শনিবার সকালে আবীর (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবীরের পরনে ছিলো শার্ট ও প্যান্ট। তার বাসা হালিশহর থানার আনন্দীপুর এলাকায়।
হালিশহর থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বরোডের ওয়াপদা অফিসের বিপরীতে নির্মাণাধীন ভবনটির সামনের চৌবাচ্চায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি জানান, যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
ওসি জানান, আবীরের স্ত্রী গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে হালিশহর থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন। আবীর কীভাবে মারা গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪৫৫ ঘ.
bdnews24