২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণের পোশাক কারখানার আগুন, তদন্ত কমিটি

সাভারে ঢাকা ইপিজেডে গ্রামীণ নিটওয়্যার কারখানায় শুক্রবারের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বেপজা। ওই কারখানায় তৈরি করা বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিগুলো অক্ষত আছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 04:19 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

সাভার (ঢাকা), জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা ইপিজেডে গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ নিটওয়্যার কারখানায় শুক্রবার অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ওই কারখানায় তৈরি করা বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিগুলো অক্ষত আছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করেছে বেপজা। ডিইপিজেডের নতুন জোনে গ্রামীণ ব্যাংকের সহযোগী ওই প্রতিষ্ঠানের কারখানায় শুক্রবার সকাল ৯টায় আগুন লাগে বলে ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিকাল সাড়ে ৪টায় দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) শেখ মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের বলেন, "আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে সূতায় এখনো আগুন জ্বলছে। তা নেভানোর কাজ চলছে।" চার তলা ভবনের নিচতলার সূতার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ঘটনাস্থলে কর্তব্যরত দমকল কর্মকর্তা পারভেজ আক্তার জানিয়েছেন। শুরুতে দমকল বাহিনী আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে তার সঙ্গে যোগ দেয় আরো ১০টি ইউনিট। তবে চারতলা ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহ দুপুরে ইপিজেডে যান। ঘণ্টাখানেক থেকে ওই এলাকা ছাড়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, "সিনথেটিক কাপড় থাকায় প্রচুর ধোঁয়া হচ্ছে। কিছু দেখা না যাওয়ায় কাজ করতে বেগ পাচ্ছে দমকলকর্মীরা।" আগুন রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জানিয়ে শহীদুল্লাহ বলেন, ছাদ ফুটো করে পানি দেওয়ার জন্য যন্ত্রপাতি আনা হচ্ছে। দুপুরে কাজ করতে গিয়ে ধোঁয়া অসুস্থ হয়ে পড়েন হামিদুল ইসলাম নামে এক দমকলকর্মী। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) শেখ মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের জানান। তিনি বলেন, "আগুনের তীব্রতা অনেক। ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা যাচ্ছে না।" বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল শহীদুল ইসলাম দুপুরে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান বলেন, বৃহস্পতিবারই ১১ কোটি টাকার সূতা গুদামজাত করা হয়। তার সবই পুড়েছে বলে তার ধারণা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ কোটি টাকা বলে দাবি করেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য তৈরি করা জার্সি কারখানার ভেতরে রয়েছে বলে জানান আশরাফুল। কারখানার মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "জার্সিগুলো ছিলো তৃতীয় তলায়। সেখানে আগুন ছড়ায়নি। ফলে সেগুলো অক্ষত আছে।" এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতদূর জেনেছি, জার্সিগুলো অক্ষত রয়েছে। সেগুলো ভবনের তৃতীয় তলায় রয়েছে। আগুন লেগেছে নিচ তলায়।" আগামী ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপের উদ্বোধন হবে ঢাকায়। সেদিনই বাংলাদেশ দল প্রথম মাঠে নামছে। আগুন নিয়ন্ত্রণের কথা দমকল বাহিনী জানালেও বিকালেও ওই ভবন থেকে সামান্য ধোঁয়া উড়তে দেখা যায়। বুলডোজার দিয়ে ভবনের দেয়াল ভাঙার পর দমকলকর্মীরা ভেতরে ঢুকে আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনীও সহায়তা করে। র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদও দুপুরে ইপিজেডের ওই কারখানায় যান। অগ্নিকাণ্ডের সময় কারখানা ডাইং এবং নিটিং শাখা খোলা ছিলো। গার্মেন্টস শাখা ছিলো বন্ধ। ৩ হাজার শ্রমিকের ওই কারখানায় আগুন লাগার সময় প্রায় ছয়শ শ্রমিক ছিলেন বলে কারখানা কর্মকর্তারা জানান। তারা বলছেন, শ্রমিকরা বেরিয়ে আসতে পেরেছেন। ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, কারখানার কেউ অগ্নিদগ্ধ না হলেও আগুন লাগার পর হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আসাদুজ্জামান নামের এক শ্রমিক আঘাত পান। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/এমআই/জেকে/২৩০৬ ঘ.