ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে পূর্বানুমতির বিধান সম্বলিত দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধিত খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় উদ্বেগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রস্তাবিত সংশোধনী জনমত যাচাইয়ে পুনর্বিবেচনার দাবি জানান।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে দুদক আইন-২০১০ সংশোধনীর খসড়া অনুমোদন পায়।
তিনি বলেন, "মন্ত্রিসভার সংশোধনী প্রস্তাব সংবিধানের দেওয়া সব নাগরিকের সমান অধিকারের অঙ্গীকারের পরিপন্থী। এতে সরকারের প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্ভরশীলতা বাড়বে। দুদুকের কর্মক্ষমতাকে সংকুচিত করে এর স্বাধীনতাকে খর্ব ও অকার্যকর করে তুলবে।''
বিবৃতিতে দুদকের দায়বদ্ধতা রাষ্ট্রপতির পরিবর্তে সংসদের কাছে হস্তান্তরের প্রস্তাবকে স্বাগত জানান টিআইবি'র নির্বাহী পরিচালক। একই সঙ্গে দুদকের দায়বদ্ধতা জাতীয় সংসদের একটি বিশেষ কমিটির ওপর ন্যাস্ত করারও দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩০ ঘ.
bdnews24