২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: ৪ দিন পর কারখানা ফের বন্ধ

শ্রমিক অসন্তোষের কারণে খুলে দেওয়ার চার দিন পর ঢাকার সাভারের একটি সোয়েটার কারখানা আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সাভার, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক অসন্তোষের কারণে খুলে দেওয়ার চার দিন পর ঢাকার সাভারের একটি সোয়েটার কারখানা আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের মধ্যে গত ১০ জানুয়ারি কারখানাটি অনিদির্ষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়। ২০ জানুয়ারি কারখানা খুলে দেওয়া হলেও নিটিং শাখা বন্ধ থাকে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবারো শ্রমিক অসন্তোষের কারণে হামলা ও ভাংচুর হতে পারে এমন আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।" তিনি জানান, কারখানা খুলে দেওয়ার পরই শ্রমিকরা বন্ধ থাকা নিটিং শাখা খুলে দেওয়ার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেছিলো। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) লরেঞ্জ বাড়ৈই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষের নির্দেশে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।" কারখানাটি কবে নাগাদ খোলা হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ওসি রশিদ জানান, বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক থানা পুলিশও মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি১৭৫৮ ঘ.