ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলার আসামি ওসি রফিকুল ইসলামের কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত জেলকর্তৃপক্ষের পাঠানো নথিপত্রে সন্তুষ্ট হয়নি আদালত।
সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম পূর্ণাঙ্গ নথিপত্র নিয়ে আগামী ৩০ জানুয়ারি কারাকর্তৃপক্ষকে পুনরায় হাজির হতে নির্দেশ দেন।
আদালতের আগের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ-কারারক্ষক ইমরান হোসেন সোমবার ওসি রফিকের কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত আংশিক নথিপত্র আদালতে উপস্থাপন করেন।
গত ১৮ জানুয়ারি একই আদালত রফিকের প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত নথিপত্র সোমবার (২৪ জানুয়ারি) আদালতে তলব করে।
কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার আসামি ওসি রফিক কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করছেন অভিযোগ করে গত ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে আদালতে আবেদন করে।
জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর কমিটির নেতা মোমিন হত্যামামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম আবেদনটি করেন।
পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি রফিককে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এর আগেও দেওয়া হয়েছিলো, যা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।
গত ৬ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গিয়ে মামলার কার্যক্রম শুরুর আগে ওসি রফিককে দেখা যায় বারান্দায় মোবাইল ফোনে কথা বলতে। তখন তার হাতে হাতকড়াও ছিলো না। এক পর্যায়ে এজলাসে ঢুকে আইনজীবীদের আসনেই বসে পড়েন তিনি। এতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপরিদর্শক হাবিবুর রহমানকে ডেকে সতর্ক করে দেন।
এর আগেও হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় মোবাইল ফোনে কথা বলে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ ওঠে রফিকের বিরুদ্ধে। বন্দি আসামি হয়েও হাতকড়া ছাড়াই স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতপাড়ায় কাঁচাবাজারেও দেখা যায় তাকে, যে ছবি সংবাদপত্রেও ছাপা হয়। তবে বুধবার ওসি রফিককে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।
ওই মামলায় হত্যার পরিকল্পনার অভিযোগ যোগ করে গত ২ জানুয়ারি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আদালতে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24