২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যুর পর হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর কলাবাগান থেকে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর কলাবাগান থেকে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাবাগানের বাংলাদেশ পাইলস নিরাময় কেন্দ্রের মালিক, ভুয়া চিকিৎসক হাবিবুর রহমানের (৭৬) পাশাপাশি দালাল নুরুল ইসলামকে (৪০) মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কোনো ধরনের চিকিৎসা সনদ ছাড়াই ৪০ বছর ধরে চিকিৎসা ও অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন হাবিব। গত শুক্রবার শাহআলী এলাকার বাসিন্দা বেলাল হোসেন (৩৩) পাইলসের সমস্যা নিয়ে কলাবাগানের ওই ক্লিনিকে শুক্রবার ভর্তি হন। শাহ আলী থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলালকে দালাল নুরুল সেখানে নিয়ে যায়। শুক্রবার অপারেশনের পর তার রক্তক্ষরণ হতে শুরু করে। ভোররাতেই তার মৃত্যু হয়।" বেলালের স্বজনরা থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়। হাবিব দালাল নুরুলের মাধ্যমে আপসের প্রস্তাব পাঠায় বলেও বেলালের স্বজনরা পুলিশকে জানিয়েছে। ঘটনাস্থল কলাবাগান থানা এলাকায় হওয়ায় গ্রেপ্তার দুজনকে ওই থানায় তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান। কলাবাগান থানার ওসি মো. নাসিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে বেলালের স্ত্রী নেহারুন নেসা বাদি হয়ে হাবিব ও নুরুলকে আসামি করে একটি মামলা করেছেন। ওসি নাসিরুল বলেন, "হাবিবুর দাবি করেছেন, তিনি ৪০ বছর ধরে রোগী দেখা ও অস্ত্রোপচার করে আসছেন। কিন্তু তিনি কোনো সনদ দেখাতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/২০৩৫ ঘ.