ময়মনসিংহ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মানহানি মামলায় নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের মঙ্গলবার ময়মনসিংহের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
গত ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।
বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে ১৮ জানুয়ারি (সোমবার) ইউনুসকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
নজরুল ইসলাম চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে ইউনুসের হাজির হওয়ার কথা রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদরদপ্তরে বার্তা সংস্থা এএফপি'র সঙ্গে সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেছিলেন-বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।
পরদিন তার এ বক্তব্য দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
আদালতের আদেশে মামলাটির বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করেন বিচারিক হাকিম জাহাঙ্গীর হোসেন।
এই তদন্তে সাক্ষ্য দেন জেলা গণতন্ত্রী পার্টি সভাপতি আতিকুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক এসএম সাদিক হোসেন, ওয়ার্কাস পার্টির সম্পাদক সুজিত বর্মণ, যুব জোট সভাপতি শিব্বির আহম্মেদ লিটন, আবু তাওহীদ শামীম ও আব্দুল মোতালেব লাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.