Published : 10 Jun 2026, 06:07 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবীর জানান।
নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশ ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মাহফুজের এক বান্ধবী ওই ছাত্রাবাসের ব্যবস্থাপককে ফোন করে মাহফুজুরের কক্ষে দ্রুত যেতে বলেন। এরপর ব্যবস্থাপক ও ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কয়েকবার ধাক্কা দেওয়ার পর দরজা খুললে মাহফুজুরকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”
ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন বলেন, “মাহফুজুরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। মরদেহটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ফ্রিজিং ভ্যানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবীর বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”