Published : 10 Jun 2026, 05:43 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় উল্টোপথে চলাচলকারী অটোরিকশা আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও পুলিশের আহতের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার এ ঘটনায় মামলা দায়ের হয়। পরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, মঙ্গলবার সকালে বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একটি দল উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।
তিনি বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় উল্টোপথে আসা একটি অটোরিকশা আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তার সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়।

“হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। হামলায় কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন।”
আনিসুজ্জামান বলেন, “এ ঘটনায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
“ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।