ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তা বিকাল ৪টা পর্যন্তএকটানা ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ১০ লাখ ৬ হাজার ৩৫৭ ভোটার রয়েছে।
কুষ্টিয়া পৌরসভা এবং ভেড়ামারা পৌরসভার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, তীব্র শীত ও কুয়াশার কারণে ভোটারের উপস্থিতি কম। তবে যারা উপস্থিত হয়েছেন, তার মধ্যে নারীর সংখ্যা বেশি।
ভেড়ামারার রিটার্নিং কর্মকর্তা রাজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করছি।"
যশোরের কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা যায়। একদিন আগেই যশোরে তাপমাত্রা ছিলো ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাধীনতার পর দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। যার প্রভাব পড়ছে ভোটেও।
ইসি কর্মকর্তারা জানান, খুলনা বিভাগের ৩০ পৌরসভায় ৪০৩ ভোটকেন্দ্রের ২৩১২ ভোটকক্ষে ৭ লাখ ১৩ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। বরিশাল বিভাগের ১৯ পৌরসভার ভোটার ১৯৯ ভোটকেন্দ্রে ৯৪৮ ভোটকক্ষে ২ লাখ ৯২ হাজার ৮২৯ জন ভোটার ভোট দিতে পারবেন।
মেয়াদোত্তীর্ণ আড়াই শতাধিক পৌরসভার মধ্যে বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোট হয়। এতে বেসরকারি ফলাফলে বেশিরভাগ পৌরসভায় প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে।
রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচনী পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বলেন, পরবর্তী পৌরসভাগুলোর নির্বাচনে ভোটাররা যেন বাধা না পায় সে বিষয়ে ইসি সজাগ। অন্য এলাকায়ও শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজশাহী ও খুলনার পর আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানের ১৪টি পৌরসভায় নির্বাচন হবে।
খুলনা-বরিশালে পৌরসভার প্রার্থী ২৫৬৫
খুলনা ও বরিশাল বিভাগে ৪৯টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পদে খুলনা বিভাগে ৩০টি নির্বাচনযোগ্য পৌরসভায় ১ হাজার ৬২৯ জন এবং বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় ৯৩৬ জন।
খুলনায় ৩০ পৌরসভায় মেয়র ছাড়াও সাধারণ ওয়ার্ডে ২৭০টি কাউন্সিলর ও ৯০টি সংরক্ষিত আসনের কাউন্সিলর রয়েছে। এ বিভাগে মেয়র পদে ১৪০ জন, সংরক্ষিত আসনে ৩৬৪ জন এবং ১১২৫ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় মেয়র পদ ছাড়া সাধারণ ১৭১ ও সংরক্ষিত ৫৭টি কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগে মেয়র পদে ৮৪ জন, সংরক্ষিত ২০৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যে সব পৌরসভায় ভোট হচ্ছে
খুলনা বিভাগ- মেহেরপুর, গাংনী, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, খোকসা, যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, সাতক্ষীরা, কলারোয়া, পাইকগাছা, চালনা, বাগেরহাট, মংলাপোর্ট, মোড়েলগঞ্জ, নড়াইল ও কালিয়া।
বরিশাল বিভাগ- ভোলা, লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন, পটুয়াখালী, কলাপাড়া, নলছিটি, পিরোজপুর, মঠবাড়ীয়া, স্বরূপকাঠি, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী।
যেসব পৌরসভায় সশস্ত্রবাহিনী
মেহেরপুর ও গাংনী, আলমডাঙ্গা, যশোর, কেশবপুর, নওয়াপাড়া, শৈলকুপা, কালীগঞ্জ, মোড়েলগঞ্জ, মিরপুর, খোকসা ভোলা, লালমোহন, পটুয়াখালী, কলাপাড়া, মুলাদী, পাথরঘাটা। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় সেনা সদস্যরা টহলে যাবে।
যেসব পৌরসভায় বিডিআর
মনিরামপুর, কলারোয়া, পাইকগাছা, বাগেরহাট সদর ও মংলাপোর্ট, মেহেন্দীগঞ্জ, চৌগাছা ও বেনাপোল পৌরসভা।
ইসি কর্র্মকর্তারা জানান, নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার-এর ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করছে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি পৌরসভার জন্য প্রয়োজনীয় র্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।
ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী
পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হচ্ছে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোনো ধরনের সহিংসতা ও অনিয়ম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচন বিধি লঙ্ঘনের তাৎক্ষণিক বিচার ব্যবস্থার জন্য দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদেরও সব সময় সতর্ক থাকতে নিদের্শ দিয়েছে কমিশন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/০৯৫০ ঘ.
bdnews24