বরিশাল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় ৯০ বছর সাজাপ্রাপ্ত জঙ্গি জাহিদ বাবু জামিনে ছাড়া পাওয়ার পর কারা ফটকে আবার গ্রেপ্তার হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল বুধবার জাহিদকে গ্রেপ্তার করে।
থানার ওসি দেওয়ান আবুল হোসেন জাহিদ বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
জাহিদের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ অগাস্টের সিরিজ বোমা হামলার মামলাসহ ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে যাবজ্জীবন (মোট ৯০ বছর) সাজাপ্রাপ্ত তিনি।
জাহিদ (৩৫) নগরীর সিঅ্যান্ডবি পোল (হাতেম আলী কলেজ চৌমাথা) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জাহিদ বাবু উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার বরিশাল কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।
জাহিদ এর আগে এ বছরের শুরুর দিকে ঢাকায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24