চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে এক রাহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দিলরুবা আক্তার চৌধুরী (২৫) মিয়ানমারের রেঙ্গুন জেলার তাংছপ্রাং গ্রামের আকতার কামাল চৌধুরীর মেয়ে।
র্যাব-৭ এর ক্যাপ্টেন তামজিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিলরুবা নিজেকে কখনো মিয়ানমারের শিক্ষা আবার কখনো স্বাস্থ্য মন্ত্রীর মেয়ে পরিচয়ে প্রতারণা করে আসছিলো।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বায়েজীদ থানাধীন কুলগাঁও এলাকার ফজলে কলোনীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা তামজিদ জানান, মন্ত্রীর মেয়ে হিসেবে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ আছে জানিয়ে দিলরুবা প্রতারণার ফাঁদ পাতত।
দিলরুবা নগরীর বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করে তাদেরকে হয়রানি করতো বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এজে/১৬০৯ ঘ.
bdnews24