ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও নারায়নগঞ্জে নিরাপত্তা হেফাজতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি স্বপ্রণোদিত হয়ে রুল (স্যুয়োমোটো) জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করে।
আদালত বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে।
সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানাতে বলেছে হাইকোর্ট।
রোববার চট্টগ্রামের বায়েজীদ থানার পুলিশ হেফাজতে নির্যাতনে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।
নাসিরাবাদ বার্মা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস (৩৫) ওইদিন সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইদ্রিসের মা নূরজাহান বেগম অভিযোগ করেছেন, পুলিশ টাকার জন্য নির্যাতন করায় তার ছেলে অসুস্থ হয়ে মারা গেছে। তবে পুলিম বলেছে ইদ্রিস মাদকাসক্ত ছিল।
একই দিন নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দীপক দাসের পরিবার পুলিশের নিরাপত্তা হেফাজতে তার মৃত্যুর অভিযোগ করে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দীপক মারা যায়।
শনিবার তাকে মদসহ আটক করা হয় বলে দাবি করে আড়াইহাজার থানা পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানোর পর তার মৃত্যু হয়।
দীপকের স্ত্রী রিনা রানী অভিযোগ করেছেন, পুলিশ তার স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে।
এই দুটি ঘটনার বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24