বরগুনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আশারচরের অদূরে বঙ্গোপসাগরে জেলেরা শুক্রবার একটি ট্রলারসহ ১৯ 'জলদস্যু'কে আটক করে কোস্টগার্ডের কাছে সোপর্দ করেছে।
এ সময় তাদের কাছ থেকে অন্তত চার লাখ টাকার ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরে তাদের আমতলী উপজেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।
তালতলী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন জেলেদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার মোল্লার হোরা গ্রামের সেলিম মোল্লার এফবি রহিমা নামের ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা।
পরে ওই ট্রলারে করে তারা চারটি মাছধরা ট্রলার থেকে চার লাখ টাকার বেশি ইলিশ মাছ লুট করে।
ডাকাতি শেষে পালানোর সময় তাদের ট্রলারটি জেলেদের জালে আটকে যায়। এক পর্যায়ে ট্রলারের ইঞ্জিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ওই সময় জেলেরা চারদিক থেকে তাদের ঘিরে রেখে কোস্টগার্ডকে খবর দেয়।
আটকরা হলেন- বরগুনা সদর উপজেলার মিজানুর রহমান, মনির হোসেন, ফোরকান মাঝি, নেয়ামত আলী, শামীম হোসেন, আলমগীর হোসেন, সেন্টু মিয়া, জাকারিয়া, পাথরঘাটা উপজেলার মনির হোসেন, আনোয়ার হোসেন, আবুল কালাম, আনোয়ার আলী, কালাম হোসেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আনিসুর রহমান, তরিকুল ইসলাম, আনসার উদ্দিন, নুরে আলম, মিল্টন ও কুয়াকাটার আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24