পাবনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেওয়ার ঘটনায় পাবনা সদর থানার আরো দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) শুকুর মাহমুদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিফাত হোসেন।
ঘটনার সময় নিষ্ক্রিয় থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার সকালে তাদেরকে সদর থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সুপারের কার্যালয় নিশ্চিত করেছে।
একই ঘটনায় এর আগে রোববার রাতে সদর থানার ওসি মতিয়ার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল এবং ১৫ জন শিক্ষক ও পরীক্ষার্থীকে মারধর করে। প্রশাসনের চারটি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে ব্যাপক ভাংচুর চালায় তারা।
পুলিশ সুপার জামিল আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার সময় দায়িত্ব পালনে অবহেলার কারণে সদর থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/কেএমএস/১২৫৫ ঘ.
bdnews24