২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে প্রবাসী গ্রেপ্তার

জঙ্গি সংশ্লিষ্টতা ও অর্থায়নের সন্দেহে ঝিনাইদহে এক জার্মান প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্টতা ও অর্থায়নের সন্দেহে ঝিনাইদহে এক জার্মান প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিও পেয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার ফারুক আহমেদের পরিবার বলছে, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে। কোটচাঁদপুর থানা পুলিশ সোমবার রাতে এলাঙ্গী গ্রামে ফারুকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন সময় চেয়ে (রিমান্ড) বুধবার তাকে আদালতে হাজির করা হয়। হাকিম শিমুল কুমার তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালতে ফারুকের পক্ষে জামিনের আবেদন জানানো হলেও তা নাকচ হয়। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ফারুক ঝিনাইদহ কেসি কলেজ থেকে বিকম পাস করে ১৯৮৫ সালে জার্মানি যান। এক জার্মান নারীকে বিয়ে করে সে দেশের নাগরিকত্বও পেয়েছেন তিনি। তার দুটি সন্তানও রয়েছে। ঈদ উপলক্ষে জার্মানি থেকে গত ৮ সেপ্টেম্বর ফারুক দেশে ফেরেন। ফারুকের ভাই সেলিম আহমেদ বাবু সাংবাদিকদের বলেন, "জার্মানিতে যে শহরে ফারুক থাকেন সেখানে একটি মসজিদ হচ্ছে। আর তার সভাপতি ফারুক। ওই পদ নিয়ে জার্মান প্রবাসী কোটচাঁদপুরের আলী আহমেদের সঙ্গে তার বিরোধ ছিল। তার জের ধরে আলী আহমেদের ইঙ্গিতে ফারুককে ফাঁসানো হচ্ছে।" আলী আহমেদ সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেন সেলিম। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতা ও অর্থায়নের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই এ বিষয়ে তথ্য জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৬ ঘ.