ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জিজ্ঞাসাবাদে তিনি ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হয় বলে ঢাকা মহানগর ডিবির উপ-কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ভোলা-৩ আসনের সাংসদ শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ইব্রাহীমের মৃত্যু হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা।
এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে সাংসদ শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
ডিবি পুলিশ শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ এবং গাড়িচালক কালাকে গত ২৯ অগাস্ট গ্রেপ্তার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়।
কালা গুলি করে ইব্রাহীমকে হত্যার কথা হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।
ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, শাওনের ব্যক্তিগত সহকারী সোহেল ও গাড়িচালক কালার দেওয়া বক্তব্য অনুযায়ী এই হত্যা মামলা করা হয়। এই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান আরো জানান, চিঠি দিয়ে সাংসদ শাওনকে জিজ্ঞাসবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সেদিন ভুল করে গাড়িতে পিস্তলটি রেখে আসেন বলে দাবি করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১০৩৬ ঘ.
bdnews24