ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রত্যাখ্যান হওয়ার মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার বিকালে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং সাইফউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কনিকা বিশ্বাস।
তবে অভিযুক্ত অপর ভাই সামির কাদের চৌধুরী মামলাটিতে সমন পেয়ে আদালতে হাজির হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি বলে আদালতের পেশকার সাখাওয়াত হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো কিনা তা জানাতে আগামী ৩ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক।
গত ২০ মে ফেইন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
মামলার আরজিতে বলা হয়, ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অভিযুক্তরা ফেইন ইন্টারন্যাশনালের কাছ থেকে বাকীতে বিভিন্ন পণ্য কেনেন। তারা ফেইন ইন্টারন্যাশনালের পাওনা ১৫ লাখ টাকা পরিশোধের জন্য চেক দেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে সেই চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০০০ ঘ.
bdnews24