২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাড়িফেরায় দুর্ভোগ চরমে

বাড়তি ভাড়া, যানজট, যানবাহনের স্বল্পতা সব মিলিয়ে ঈদে চট্টগ্রাম মহানগরী বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তি ভাড়া, যানজট, যানবাহনের স্বল্পতা সব মিলিয়ে ঈদে চট্টগ্রাম মহানগরী বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে। নগরীর অলংকার মোড়, বহদ্দারহাট বাস টার্মিনাল, বিআরটিসি বাস টার্মিনাল, কদমতলী, অক্সিজেন মোড়, রেলওয়ে স্টেশন সবখানেই বৃহস্পতিবার দুপুর থেকেই বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। দূরপাল্লার যাত্রীরা আগে চট্টগ্রাম ছাড়লেও স্বল্প দূরত্বের মানুষ বৃহস্পতিবার শেষ কর্মদিবসে বাড়ি ফেরার জন্য ভিড় করেছেন স্টেশনগুলোতে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঈদ বখশিসের নামে বিভিন্ন উপজেলাগামী লোকাল সার্ভিস ও নগরীতে চলাচলকারী যানবাহনে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। নগরীতে যানবাহন চলাচল কমে যাওয়ায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও হয়েছে প্রায় দ্বিগুণ। নগরীর মুরাদপুর থেকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে লোকাল মাইক্রোবাসে জনপ্রতি ভাড়া ৫০ টাকা হলেও সকাল থেকে নেয়া হচ্ছে ১২০ টাকা। এ তথ্য জানিয়ে সরকারি কর্মকর্তা রেজাউল করিম বলেন, "ভাড়া বেশি দিলেও বাড়ি যেতে পারছি এটাই ভাল লাগছে।" শুধু মাইক্রোবাস নয়, ফটিকছড়িগামী লোকাল ও বিরতিহীন বাসেও আদায় করা হচ্ছে বেশি ভাড়া। এছাড়া বহদ্দারহাট থেকে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে, কদমতলী থেকে উত্তর চট্টগ্রামের যাত্রীদের কাছ থেকে ঈদ বখশিসের নামে পরিবহন শ্রমিকরা বেশি ভাড়া আদায় করছেন। সরেজমিনে গিয়ে বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল দেখা গেছে। বৃহস্পতিবার সকালে বহদ্দারহাট বাস টার্মিনালে চকরিয়ার যাত্রী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরতিহীন বাসগুলো ভাড়া আগের মতই ১২০ টাকা নিচ্ছে। তবে লোকাল বাসে ভাড়া বেড়ে গেছে। কর্ণফুলী তৃতীয় সেতুর পূর্ব পাড়ে পটিয়ার যাত্রী আব্দুর রাজ্জাক জানান, এই রুটে চলাচলকারী বাসে সাধারণত ১৫ টাকা ভাড়া হলেও আজ নেয়া হচ্ছে ৩০ টাকা। নির্দেশ দিয়েই মালিকদের দায়িত্ব শেষ পটিয়াগামী লোকাল বাসের সহকারী আবদুল করিম জানান, ঈদ প্রতি বছর দুইবার আসে। এ উপলক্ষে আমরা ৫-১০ টাকা যাত্রীদের কাছে চেয়ে নিচ্ছি। ঈদ বখশিসের নামে বেশি ভাড়া নেয়া প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্র"পের সভাপতি মঞ্জুর আলম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব রুটে চলাচলকারী গাড়ির মালিক ও শ্রমিকদের নির্ধারিত ভাড়া আদায় করতে বলেছি। কোনো গাড়ির শ্রমিক যদি বাড়তি ভাড়া আদায় করেন এর দায়িত্ব তাদের।" তিনি জানান, যাত্রীরাও লোকাল সার্ভিসের গাড়ি বাড়তি ভাড়ায় রিজার্ভ হিসেবে নিয়ে দ্রুত বাড়ি যেতে চান। সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই। দাঁড়িয়ে যেতে পারলেও হয় বাস টার্মিনাল ছাড়াও চট্টগ্রাম রেল স্টেশনে সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলাগামী মানুষের ভিড়। টিকিট নেই, কিন্তু কোনপ্রকারে দাঁিড়য়ে যাবার টিকিট (স্ট্যান্ডিং টিকিট) যোগাড়ে মানুষের ব্যস্ততা চোখে পড়ার মতো। স্টেশনে গিয়ে দেখা গেছে, লোকাল ট্রেনের ছাদেও তিল ধারণের কোন জায়গা নেই। নারী-পুরুষসহ সব বয়েসী মানুষ টিকিট না পেয়ে অথবা স্ট্যান্ডিং টিকিট নিয়ে রেল কর্মকর্তাদের অলক্ষে জায়গা করে নিয়েছে ট্রেনের ছাদে। তেমনই একজন চাঁদপুরগামী লোকাল ট্রেনের যাত্রী কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পর্যন্ত অফিস করেছি। শুক্রবার ঈদ হতে পারে। তাই ছাদে বসেই বাড়ি যাচ্ছি।" চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক সামশুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকেই উপচেপড়া ভিড়। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে ছয়টি ও অন্য সব আন্তঃনগর ট্রেনে তিনটি করে বাড়তি বগি লাগানো হয়েছে। সময়মতো সবগুলো ট্রেন ছেড়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯২২ ঘ.