ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৩৮ জন।
নিহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জে পাঁচজন, সিলেটে চারজন, যশোরে একজন, বরিশালে একজন, নারায়ণগঞ্জে একজন ও কুমিল্লায় দুইজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয় এক শিশু।
বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ-নলকা-হাটিকুমরুল মহাসড়কের ৬ নম্বর নলকা সেতুর ওপর একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীতমখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেট কারটি ট্রাকের নিচে ঢুকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ প্রাইভেট কারের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ওই পরিবারের এক শিশু।
নিহত চারজন হলেন- আব্দুস সালাম (৪২), তার স্ত্রী ফারহানা বেগম (৩৫), মেয়ে প্রমি (১২) ও চালক মো. বাবু (২৫)। নিহত অপর একজন হলেন তাদের গৃহকর্মী। তার নাম জানা যায়নি।
কড্ডা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, প্রমি ঢাকার সিদ্ধেশ্বরী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।
নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার ব্রাহ্মণগ্রাম এলাকায় দুপুরে প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে মহিলাসহ চারজন নিহত হয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। তার পেছনে ছিল প্রাইভেট কারটি। এক পর্যায়ে কাভার্ড ভ্যানটিকে অতিক্রম করার সময় সিলেটমুখী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি ভ্যানের ভেতরে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রীর মৃত্যু হয় ও গুরুতর একজন আহত হন একজন। পরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমুকোনা গ্রামের রফিক উদ্দিন চেীধুরীর স্ত্রী কছই বিবি (৬০), তার ছেলে মইনুল ইসলাম (৩৫), প্রাইভেট কার চালক শাহানগীর (২২) ও মুবাশ্বির চৌধুরী (৫৫)।
ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর: যশোর সদর উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩৫ জন।
কোতয়ালি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার কোদালিয়ায় দুপুর ১২টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাসের সঙ্গে যশোরমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লোকাল বাসের চালক রব্বিল হোসেন (৩৫) মারা যান। তিনি বাঘারপাড়া উপজেলার চণ্ডিপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
ওসি জানান, দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
নিহত রিকশাচালকের নাম হানিফ হাওলাদার (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ পালরদী এলাকার বাসিন্দা।
আহত মোটরসাইকেল চালক রবিউল হাওলাদার (২৫) উপজেলার দিয়াসুর এলাকার বাসিন্দা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড-হোসনাবাদ সড়কে পল্লীবিদ্যুৎ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক আহত হয়েছেন।
আহত রহমানকে (৩২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরাজী বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সতুতে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে দুটি যানই দুমড়ে মুচড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মুন্সীগঞ্জের ভবেরচর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।
পরে সকাল ৯টার দিকে রেকার দিয়ে গাড়ি দু'টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি এলাকায় বাস চাপায় নিহত হন ফতেহপুর এলাকার আব্দুল মালেকের স্ত্রী সখিনা বেগম (৩০)।
আহত হন বাসের ১৪ যাত্রী। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, সকাল ৭টায় ঢাকা-আড়াইহাজার সড়কের বৈলারকান্দিতে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দুই মহিলা পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল
bdnews24