২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

পাবনার সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

পাবনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আব্দুর রশিদ (৫৫) পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) রাজশাহী বিভাগীয় কমান্ডার বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-১২ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সি এইচ মাহমুদ সাংবাদিকদের বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য সাঁথিয়া উপজেলা সদরের আলোকদিয়ার মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল রোববার ভোরে সেখানে অভিযানে যায়।" ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায় জানিয়ে মাহমুদ বলেন, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে রশিদ নিহত হলে তার সঙ্গীরা লাশ ফেলে পালিয়ে যায়। রশিদের বাড়ি সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি গ্রামে। র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুক, দুটি চাপাতি, একটি ছোরা, ১২ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ৬ রাউন্ড পয়েন্ট টু জিরো রিভলবারের গুলি এবং ২ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। সাঁথিয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রশিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যাসহ নানা অভিযোগে তিনটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.