ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে শনিবার রাতে আগুনে অন্তত ৪০টি কাঁচা ঘর পুড়ে গেছে।
রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
হাজারীবাগ থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের কাছে এই বস্তি আনোয়ার মাস্টার ও বজলুল হকের বস্তি নামে পরিচিত। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সোহাগ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত ৪০টি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মোহাম্মদপুর দমকল কার্যালয়ের সিনিয়ির স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুনটি বড় আকারে রূপ নিতে পারেনি।
হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিরও কোনো খবর তিনি দিতে পারেননি।
বস্তিবাসী মিজান বলেন, একটি বাসার গ্যাসের চুলা থেকে আগুন ধরে। আগুনে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বস্তিটির পাশের ভবনের বাসিন্দা আজহারুল ইসলাম অভিযোগ করেন, আগুন লাগার দেড়ঘণ্টা পর দমকল বাহিনী আসে। এর আগেই এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/পিডি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24