২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভোগের অপর নাম কালনা ফেরিঘাট

গোপালগঞ্জ ও নড়াইলের সংযোগস্থল মধুমতি নদীর কালনা ফেরিঘাটের দুই পাড়ের গ্যাংওয়ে তলিয়েছে ১০ দিন। পানিতে তলিয়ে থাকা পথেই ঝুঁকি নিয়ে চলছে পারাপার। মনোজ সাহা'র প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও নড়াইলের সংযোগস্থল মধুমতি নদীর কালনা ফেরিঘাটের দুই পাড়ের গ্যাংওয়ে তলিয়েছে ১০ দিন। পানিপথে নেমে কখনো কখনো গাড়ি বন্ধ হয়ে গেলেও থেমে নেই পারাপার। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ ফেরিঘাটের নড়াইল জেলার কালনা পাড়ে গ্যাংওয়ের পাশে আটটি নৌকা সারিবদ্ধভাবে রাখা আছে। পন্টুন থেকে পাড়ে পৌঁছতে যাত্রীদের আবার চড়তে হচ্ছে নৌকায়। গাড়িগুলোকে চলতে হচ্ছে তলিয়ে থাকা পথেই। এছাড়া গোপালগঞ্জ অংশের শঙ্করপাশার ফেরিঘাটের পাড়ও তলিয়েছে। সেখানেও বাঁধা আছে নৌকা। গত মে মাসে পাঁচ লাখ টাকা ব্যয়ে গ্যাংওয়ের অ্যাপ্রোচ-ওয়ে নির্মাণ করা হয়। তবে এ সড়ক এখন কোনো কাজে আসছে না। বেনাপোল স্থলবন্দর, নওয়াপাড়া বন্দর, যশোর, নড়াইল, খুলনাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে মালামাল ও যাত্রী পরিবহনের জন্য কালনা ফেরিঘাট ব্যবহার করা হয়। আর ঈদ সামনে রেখে এ ফেরিঘাটে ব্যস্ততা আরো বেড়েছে। কিন্তু ঘাটের দুটি ফেরির মধ্যে একটি চার মাস বিকল হয়ে আছে। অন্যটি দিয়েই এখন গড়ে প্রতিদিন ছয় হাজার যাত্রী ও এক হাজার যানবাহন পারাপার হচ্ছে। নড়াইল জেলার বেদভিটা গ্রামের বাসিন্দা ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা বিএম খালিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে প্রতিদিন অফিসের কাজে নড়াইল থেকে এ ফেরি পার হয়ে গোপালগঞ্জ যাতায়াত করতে হয়। তিনি বলেন, "এজন্য ফেরিঘাটে প্রথম ১০ টাকা দিতে হয় ঘাট খাজনা হিসেবে। এরপর ট্রলারে ২০ টাকা ভাড়া গুণতে হয়। শেষে ফেরির পন্টুন থেকে মটর সাইকেল নামাতে দিতে হয় আরো ১০ টাকা।" নড়াইল ও গোপালগঞ্জ যাতায়াতে মটর সাইকেলে ৬০ টাকার পেট্রোল লাগে জানিয়ে তিনি বলেন, "কিন্তু নদী পার হতে আপ-ডাউনে খরচ হয় ৮০ টাকা। তার পর তো রয়েছে ভোগান্তি ও সময় অপচয়ের বোঝা।" চর কালনা গ্রামের মাঝি আমিন মোল্লা জানান, ১০ দিন আগে দুই পাড় তলিয়েছে। আটটি নৌকা পাতিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। এজন্য যাত্রী প্রতি ২ টাকা আদায় করা হচ্ছে। ফেরিচালক বুলু ঠাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বলেন, ৭৩ নম্বর ফেরিটি চার মাস বিকল হয়ে আছে। ৭৭ নং ফেরি দিয়ে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে পারাপারের কাজ চলছে। তিনি বলেন, প্রতিদিন একটি ফেরি দিয়ে এক হাজার যানবাহন পারাপার করা হচ্ছে। মাঝে মাঝে এ ফেরির ইঞ্জিন বন্ধ হয়ে পারাপার ব্যবস্থা ভেঙ্গে পড়ে। যে কোনো সময় এ ফেরিটিও নষ্ট হয়ে পারাপার একেবারে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বুলু ঠাকুর জানান, দুই পাড়ে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি লোড-আনলোডে বেশি সময় লাগছে। এতে যাত্রী ও গাড়ির চালকদের বিপাকে পড়তে হচ্ছে। গ্যাংওয়েতে ইঞ্জিন বন্ধ হলে গাড়ি ঠেলে নিরাপদে নিতে হচ্ছে। কালনা ফেরিঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গ্যাংওয়ের প্রায় ১৩০ ফুট এলাকায় আড়াই ফুট পানি উঠেছে। "পানির চাপে রাস্তার ইট ওয়াশ-আউট হয়ে যাচ্ছে। সেখানে নতুন করে ইট ফেলেও কোনো কাজ হচ্ছে না।" তিনি জানান, ডুবে যাওয়া গ্যাংওয়ের দুই পাশে বালুর বস্তা ফেলে মাঝে ইট দিয়ে সংস্কার করা হবে। এভাবে সমস্যার সমাধান না হলে জোয়ারের সময় ফেরি চলাচল বন্ধ রাখা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫০৯ ঘ.