২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানলে আন্দোলনের হুমকি বিমান কর্মীদের

বিমান কর্মীদের দাবি-দাওয়া না মানা হলে আগামী বৃহস্পতিবার থেকে আন্দোলনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন শ্রমিক-কর্মচারী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিমান কর্মীদের দাবি-দাওয়া না মানা হলে আগামী বৃহস্পতিবার থেকে আন্দোলনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন শ্রমিক-কর্মচারী নেতারা। মঙ্গলবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বলাকা ভবন অবরোধ করে রাখার পর তারা এ ঘোষণা দেন। বিমানের সোসাইটি অব ইঞ্জিনিয়ার অব বিমান সভাপতি আক্তারুজ্জামান বলাকা ভবনে এক সমাবেশে বিমান কর্মীদের বলেন, "ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, বিমান কর্মীদের জন্য যে নতুন পে-স্কেল করা হয়েছে সেটা বাতিল করা হবে।" আক্তারুজ্জামান হুঁশিয়ান করে দিয়ে বলেন, "বৃহস্পতিবারের পরিচালনা পর্ষদ সভায় আমাদের দাবী দাওয়া না মানা হলে বিমান অচল করে দেওয়া হবে।" সভায় আরো উপস্থিত ছিলেন- বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান এবং বিমানের সিবিএ সভাপতি শাহ আলম। বিকাল পাঁচটার পর সভা শেষে অবরোধ তুলে নিয়ে বৃহস্পতিবারের ওই সভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সরকার ঘোষিত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে বিমানের শ্রমিক কর্মচারীরা রাজধানীর কুর্মিটোলায় তাদের প্রধান কার্যালয় অবরোধ করে। সকাল ১১টা থেকে বলাকা ভবন অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলামকে তার কক্ষে অবরুদ্ধ করে। তারা তার ব্যক্তিগত সহকারীর কক্ষ ভাংচুর করে। এছাড়া বিমানের কোম্পানি সচিব আব্দুর রশিদকে লাঞ্ছিত করা হয়। বিমানের কর্মীরা জানান, প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হওয়ার পর নতুন বেতন কাঠামো করার উদ্যোগ নেয় বিমান পরিচালনা বোর্ড। এদিকে সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা করার দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছিলো শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক-কর্মচারীদের এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে পে স্কেল বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং বিমান শ্রমিক লীগের সভাপতি এম মশিকুর রহমান। এ ব্যাপারে শ্রমিকদের কাছে দুই মাসের সময় চেয়েছিলো বিমান কর্তৃপক্ষ। মঙ্গলবার ছিলো তার শেষ দিন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, সকাল ১১টার দিকে কোম্পানি সচিব আব্দুর রশিদ বলাকা ভবন থেকে বের হচ্ছিলেন। এ সময় বিমানের শ্রমিক-কর্মচারীরা তার পথরোধ করে। তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পর পরই শ্রমিক-কর্মচারীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, বিমান পরিচালনা বোর্ড নির্ধারিত বেতন কাঠামো মঙ্গলবার থেকেই বাস্তবায়ন হচ্ছে। এতে বিমানের অন্যান্য অফিসের কর্মচারিরা এসে বলাকা ভবনের বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভের কারণে বিমানের সব দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিমানের কর্মী ফিরোজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে সরকার যতোবার পে স্কেল ঘোষণা করেছে তার সঙ্গে সঙ্গতি রেখে বিমানের কর্মচারীদের বেতন বেড়েছে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটানো হয়েছে।" বিক্ষোভরত শ্রমিক-কর্মচারীরা বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ, এমডি জাকিউল ইসলাম এবং কোম্পানি সচিব আব্দুর রশিদের পদত্যাগের দাবি জানায়। বিমানের এমডি জাকিউল ইসলাম তার দপ্তর সংলগ্ন সভাকক্ষে সাংবাদিকদের বলেন, "কর্মীদের দাবিগুলো আমার একার পক্ষে পূরণ করা সম্ভব না। তবে আমি তাদের দাবিগুলো শুনেছি।" তিনি জানান, শ্রমিক-কর্মচারীদের এসব দাবি নিয়ে আলোচনার জন্য আগামী শনিবার বিমান পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান বলেন, "পরিচালনা বোর্ড আমাদের জন্য যে পে স্কেল তৈরি করেছে তাতে অবসরের পরে পেনশন সুবিধা থাকবে না, শুধু গ্র্যাচুইটি নিয়ে বিদায় নিতে হবে। এছাড়া প্রস্তাবিত এ বেতন কাঠামোতে আমাদের মূল বেতন ২৫-৩০ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু সরকারের পে স্কেলে মূল বেতন বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি।" তিনি বলেন, "সরকার নিয়ন্ত্রণাধীন অন্যান্য পাবলিক লিমিটেড কোম্পানি যদি সরকার নিধার্রিত বেতনে চলতে পারে, তাহলে বিমানের জন্য আলাদা নিয়ম চালু করা হবে কেন?" বিমানের সিবিএ সভাপতি শাহ আলম বলেন, "সরকার নির্ধারিত পে স্কেল আমাদের এখানে দ্রুত বাস্তবায়ন করা উচিত। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি। নাহলে আমরা আরো বড় আন্দোলনে যেতে বাধ্য হবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কন্ট্রোল রুম থেকে জানা যায়, মঙ্গলবার বিমানের পূর্বনির্ধারিত দুপুর ২টা ৪৫ মিনিটের কাঠমান্ডু ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে বিকাল ৪টার পরে উড্ডয়ন করে। এছাড়া বিকাল ৩টা ৪৫ মিনিটে ব্যাংককের ফ্লাইটটি আড়াই ঘণ্টা পিছিয়ে ৬টা ১৫ মিনিটে নিয়ে যাওয়া হয়। তবে এ বিলম্ব আন্দোলনের কারণে হয়নি বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয় । বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান আরো বলেন, আমরা এখনো ফ্লাইট অপারেশন বন্ধ করার পরিকল্পনা করিনি। তবে আমাদের দাবি না মানা হলে ফ্লাইট অপারেশন বিভাগের কর্মীরাও কর্মবিরতি পালন শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/কেএমএস/এমইউএস/এইচএ/১৮২৪ ঘ.