২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্র মোরশেদ দুইমাস নিখোঁজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোরশেদ বিল্লাহ গত দুইমাস ধরে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোরশেদ বিল্লাহ গত দুইমাস ধরে নিখোঁজ রয়েছেন। মোরশেদ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দক্ষিণ পুস্তিগাছা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। মোরশেদের পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা করেছেন তার ছোটভাই মেহেদী হাসান। মেহেদী হাসান রোববার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের জানান, গত ২৬ জুন বিকাল ৫টার দিকে মোরশেদ ক্যাম্পাসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। ২৭ জুন সকালে তার মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বন্ধুরা জানায়, মোরশেদ ক্যাম্পাসে যাননি। এ ব্যাপারে ২১ জুলাই মেহেদী হাসান বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তাদের গ্রামের আবু বক্কর, বাচ্চু মিয়া, ফারুক ও দক্ষিণ কালিকাপুর গ্রামের মোস্তফা ও আব্দুস সাত্তারকে অভিযুক্ত করা হয়। এ মামলায় পুলিশ গত ৬ অগাস্ট ফারুককে আটক করলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে ছাড়িয়ে নেন বলে মেহেদী হাসান অভিযোগ করেন। আসামিরা মেহেদী হাসান ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক মলয় ভৌমিক বলেন, আগামীতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হবে। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.