ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রিডেনশিয়াল গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন নির্বাচিত লেখককে জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনের সম্মাননা পদক দেন রাষ্ট্রপতি।
জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মারকগ্রন্থটি প্রকাশ করা হয়।
ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মজীবনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ''সাধারণ মানুষের কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগাতে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। ক্ষমতার কাছাকাছি থেকেও ক্ষমতা ব্যবহার করেননি তিনি। তার জীবন-কর্ম ও রচনা থেকে আমাদের আগামী প্রজন্ম উন্নত শিক্ষা ও ধারণা লাভে সমর্থ হবে।''
তিনি ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সম্মাননা পাওয়া লেখকরা হলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান ও আবুল কালাম আজাদ, ড. শফিক আহমেদ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়, অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক এম আফজাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, সাংবাদিক বেবী মওদুদ, শাহজাহান মিয়া, প্রকৌশলী এ কে এম মুকিতুর রহমান, হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া, সিদ্দিক হোসেন চৌধুরী, বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, সহিদুল হাসান মল্লিক, আনোয়ারুল ইসলাম খান, মনজু আরা বেগম, মংগল চন্দ্র চন্দ, আব্দুল বাকী চৌধুরী ও ফরহাদ খাঁ।
স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সভাপতি সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মারক গ্রন্থের সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ, সদস্য সচিব শফিক আহমেদ সিদ্দিক ও সিদ্দিক হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২০৩৬ ঘ.
bdnews24