ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদে নিরাপত্তার ব্যবস্থা ছাড়া কোনো নৌযান যাতে চলাচল করতে না পারে তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
আদালত আদেশে পর্যাপ্ত বয়া ও লাইট ছাড়া যেন কোনো লঞ্চ বা জলযান চলাচল না করে কর্তৃপক্ষকে তাও নিশ্চিত করতে বলেছে।
এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই ও নিরাপত্তার ব্যবস্থা না করে জলযান চলাচল প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ইকবাল কবির লিটন বলেন, গত নয় বছরে ৫০টি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। এতে ১,২৭৯ জনের মৃত্যু হয়। নিখোঁজ ১২৬ জন ও পঙ্গু হয়েছে ৪৮ জন।
তিনি আরো বলেন, প্রতিটি দুর্ঘটনার পরই তদন্ত কমিশন গঠিত হয়েছে। কমিশন সুপারিশসহ প্রতিবেদন দিয়েছে। কিন্তু কোনো সুপারিশই এখনো বাস্তবায়িত হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২০০৬ ঘ.
bdnews24