কিশোরগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমনের বাসায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে তার ছোট ভাই আহত হয়েছেন।
বুধবার সকালে জেলা শহরের ফিসারী রোড এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে।
আহত মাসুদ আহম্মেদ রুমনকে (৩৫) প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভালবার উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে অজ্ঞাত পরিচয় কয়েকজন তরুণ সাইফুল ইসলামের কক্ষের জানালা খোলার চেষ্টা করে। সুমন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে তার ছোট ভাই মাসুদ আহম্মেদ রুমন দরজা খুলে বের হন।
এ সময় এক দুর্বৃত্ত দুই রাউন্ড গুলি ছুড়লে একটি রুমনের পায়ে বিদ্ধ হয় এবং আরেকটি লক্ষ্যভ্রষ্ট হয়।
গুলিবর্ষণ ও অস্ত্র উদ্ধারের ঘটনা স্বীকার করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের না করলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সাইফুল ইসলাম জানান, "রাজনৈতিক কারণে ও এলাকার কিছু বিষয় নিয়ে অনেকের সঙ্গে আমার বিরোধ রয়েছে। তবে আমাকে গুলি করে মেরে ফেলার বিষয়টি বিশ্বাস করতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৯ ঘ.
bdnews24